ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে : শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
  • শেয়ার করুনঃ
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে দল ক্ষমতায় এলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে। বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামীর বাংলাদেশের মূল ভিত্তি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

বিগত সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, একদল ক্ষমতায় আসার আগে ১০ টাকা দরে চাল দেওয়ার কথা বলেছিল। কিন্তু মানুষ কি তা পেয়েছে? দেশের মানুষ আর এ ধরনের রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে মায়েদের নিরাপদ চলাচল ও কর্মক্ষেত্রে সংকোচহীন পরিবেশ নিশ্চিত করা হবে। নারীদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ার স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা হবে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়ন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স